সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটকের পর রবিবার (১ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে বাজারে আসা সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, আটক ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে মাতলামি ও অসংলগ্ন আচরণ করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও সমস্যা সৃষ্টি হয়।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক দুজনকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।