বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটিকে প্রদর্শনের অনুমতি দিয়েছে।
মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখার পর এর প্রশংসাও করেছেন বলে জানা গেছে। ‘গ্যাপ’ সিনেমার বিভিন্ন চরিত্রে কাজ করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ জানান, ‘গ্যাপ’ কেবল একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা সিনেমার ইতিহাসে ভিন্নধর্মী ও সাহসী উদ্যোগ। সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে সিনেমা নির্মাণের পরিকল্পনাটি শুরুতে অনেকের কাছে অসম্ভব মনে হলেও তাঁরা হাল ছাড়েননি। আন্তর্জাতিক মানের বিভিন্ন এআই প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিনের প্রচেষ্টায় সিনেমার প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে।
কোনো দৃশ্য বাদ না দিয়েই সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়াকে পুরো দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নির্মাতা। তাঁর প্রত্যাশা, সীমিত বাজেট ও জনবল নিয়েও যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, তা প্রমাণ করবে ‘গ্যাপ’।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও দৃশ্যপ্রভাবের বড় অংশই এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। আকবর হায়দার মুন্না প্রযোজিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।