ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক তৎপরতা জোরদার করছে জেলা বিএনপি। দিবসটি ঘিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে যৌথ প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে জেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বাসভবন প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। এতে জেলা বিএনপির নির্বাহী কমিটির সকল সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর থানার নেতৃবৃন্দ, সদর থানাধীন সব ইউনিয়ন কমিটি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পৌরসভার আওতাধীন সব ওয়ার্ড কমিটি এবং জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এ আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য থানা ও পৌর কমিটিগুলোকেও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসরণ করে ৭ নভেম্বর যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে প্রকাশিত এ বিজ্ঞপ্তিকে ঘিরে এখন জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনে কী ধরনের কর্মসূচি চূড়ান্ত করা হবে, তা সভা থেকেই নির্ধারিত হওয়ার কথা।