ঝালকাঠি ইসলামিয়া কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অতিথি, অভিভাবক ও শিক্ষকরা পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন খোরশেদ আলম জুয়েল ও মাইনুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন ও ইউপি সচিব মো. রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা ও ইসলামী সংস্কৃতিচর্চা শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে নৈতিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক তৈরি করা সম্ভব। সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের শিক্ষা, আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং সুশিক্ষিত, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় ও আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে।