আহসান হাবীব রানা, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড- সিআরসি' এর উদ্যোগে দিনব্যাপী বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২ নং কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিআরসির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ ফ ম সাইফুল ইসলাম সিদ্দিকী।
সংগঠনটির সাবেক সভাপতি রনি সাহার সঞ্চালনায় কর্মশালায় কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, ইবির সাবেক শিক্ষার্থী ও বর্তমান জার্মানির বেয়ারুথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ও মিউনিখ কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে এম খালিদ সাইফুল্লাহ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমদাদ হোসেন ও ইবনে মনির হোসেন, উপ-অর্থ সম্পাদক সাইফুদ্দিন, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।
কর্মশালায় বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল এবং আইএলটিএস ও জিআরই প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় কী নোট স্পিকার সাজ্জাদ হোসেন বলেন, 'জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে ডাচ স্কলারশিপ অন্যতম। উচ্চ শিক্ষায় জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএলটিএস ও ইচ্ছা শক্তি। সবকিছু সঠিকভাবে সম্পন্ন করতে পারলে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়া একদমই সহজ হবে।'
প্রধান অতিথির বক্তব্যে ড.আ ফ ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, 'নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, তাহলে বিশ্বের যেকোন প্রান্তে যেকোন স্থান অর্জন করা সম্ভব। বিশ্ববিদ্যালয় পড়া মানে বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডারে বসবাস করা। এখান থেকে সর্বোচ্চ জ্ঞান আহরণ করে বিশ্বের যে কোন শিক্ষার্থীদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হবে।'