র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

Date: 2022-11-21
news-banner



আব্দুল্লাহ আল মামুন:  র‌্যাবের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ১৭ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর পল্লবী, মিরপুর ও মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মো. ইয়াকুব আলী (৩৯), মো. শাহীন প্রধান (৩৮), মো. মজিবর রহমান সিকদার (৫৭), শহিদুল ইসলাম ওরফে স্বজল (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. তুফাইদুল ইসলাম (২৫) নামের ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 
র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা বিচিত্রাকে জানানো হয় যে, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে সারাদেশে র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ নং সেকশন ও মিরপুর মডেল থানাধীন বসির উদ্দিন স্কুল গলি এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াকুব আলী, মো. শাহীন প্রধান, মো. মজিবর রহমান সিকদার, শহিদুল ইসলাম ওরফে স্বজল ও মো. শফিকুল ইসলামসহ ৫ মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের দখল হতে ৪৩৩০ পিছ ইয়াবা (মাদক) ট্যাবলেট ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে ১০ টি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮৭ হাজার ৩ শত টাকা জব্দ করা হয়। 
এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ মো. তুফাইদুল ইসলাম নামে অপর এক মাদক কারবারিকে আটক করে। 
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত পল্লবী, মিরপুর ও শ্রীনগর থানা এলাকাসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে সূত্রে জানা যায়।

Leave Your Comments