সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজানো হচ্ছে। গতকাল রাজধানীর নর্থব্রুক হল জমিদারবাড়ি থেকে তোলা।
আজ শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
করোনা মহামারির কারণে গত দুই বছর সাত্ত্বিক পূর্জা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপূজা। তবে এবার উৎসবমুখর পরিবেশে দেশের ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া। এই দিন থেকে দেবীপক্ষের শুরু। এই দিনেই কৈলাস থেকে পিতৃগৃহে আগমন করেন মা দুর্গা। শ্রীশ্রী চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডিতে আছে দেবীর সৃষ্টির বর্ণনা। পুরাণ মতে, মহালয়ার দিন মহিষাসুর বধের দায়িত্ব নেন দেবী দুর্গা।
মহালয়া উপলক্ষে সারা দেশের মন্দির ও পূজা উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ সকাল ৬টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহালয়ার ঘট স্থাপন, সকাল ৯টায় চণ্ডীপাঠ এবং সকাল ১১টা পর্যন্ত বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।