মাতুয়াইলে ৩৮ কেজি গাঁজাসহ কারবারি রিয়াদ আটক

Date: 2022-11-28
news-banner



আব্দুল্লাহ আল মামুন:  রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে মো. রিয়াদ সরদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তার দখল থেকে ৩৮ কেজি গাঁজা (মাদক) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪০ হাজার বলে র‌্যাব সূত্র জানায়। 
র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে বার্তা বিচিত্রাকে সূত্র জানায়, র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোাগানকে সামনে রেখে মাদক নির্মূলে দেশজুড়ে র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২২ নভেম্বর) র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকসহ কারবারি রিয়াদ সরদারকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৩৮ কেজি গাঁজা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ১ টি মোবাইল ফোনসেট ও নগদ ২ হাজার ৮৫ টাকা জব্দ করা হয়। 
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রিয়াদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments