আল মামুন: মো. ইউসুফ (৪২) নিজেকে র্যাবের সার্জেন্টসহ বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে মামলা দেওয়াসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। কথায় বলে ‘চোরের দশদিন তো গৃহস্তের একদিন।’ ইউসুফের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। গতকাল রবিবার (২৭ নভেম্বর) এই ভুয়া র্যাবের সার্জেন্ট আসল র্যাবের হাতে ধরা পড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীয় কর্মকান্ড স্বীকার করেছে বলে র্যাব সূত্র জানায়।
র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বার্তা বিচিত্রাকে জানান যে, গত ১৬ অক্টোবর মো. সাদ্দাম (৩২) নামের এক ব্যক্তিকে র্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ি থানাধীন শহীদ ফারুক রোড এলাকা হতে মোটরসাইকেল যোগে শনির আখড়ায় নিয়ে যায় ভুয়া সার্জেন্ট ইউসুফ। সেখানে নিয়ে গিয়ে সাদ্দামকে মামলা দেওয়ার ভয়সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার নিকট ২০ হাজার টাকা দাবী করে সে। অতঃপর সাদ্দাম ভয়ে তার আত্মীয়-স্বজনদের নিকট মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইউসুফকে ১০ হাজার টাকা জোগাড় করে দিলে ইউসুফ সাদ্দামকে ছেড়ে দেয়। পরে সাদ্দামের অভিযোগের ভিত্তিতে এক গোপন সংবাদের মাধ্যমে গতকাল রবিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণাকারী ইউসুফকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোনসেট ও নগদ ৫ শত ১০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানা এলাকার নিমতলী বেপারী বাড়ীর মৃত: মোকসেদ বেপারীর ছেলে বলে জানা যায়। সে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়ায় বসবাস করত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সূত্রে জানা যায়।