মাজহারুল ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বারদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ড ঘটে।
অগ্নিকান্ডে অহিদ টেক্সটাইল মিল ও মুসলিম সুইট নামে একটি মিষ্টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবী করেছেন।
অহিদ টেক্সটাইল মিলের মালিক আজিজুল হক বলেন, প্রতিদিনের ন্যায় আমি কারখানা বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষন পর বাজারের মসজিদের মাইকে শুনতে পাই বাজারে আগুন লেগেছে, সঙ্গে সঙ্গেই সোনারগাঁ ফায়ার সার্ভিসে খবর দেই, আগুনে আমার টেক্সটাইল মিলে তৈরি করা মার্কিন কাপড়, সূতাও মেশিনারিসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুরে ছাঁই হয়ে গেছে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।