বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
গত ২৬ ও ২৭ নভেম্বর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে নেত্রকোনার পূর্বধলায় নিলামের চেয়ে অতিরিক্ত ৭টি গাছ কাটার অভিযোগের খবর প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশলীকে প্রধান করে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বধলা সরকারি কলেজ রোড ও কাপাশিয়া রোডে সরকারি গাছ ব্যক্তি মালিকানা স্থাপনায় ক্ষতির আশঙ্কায় গত (১১ অক্টোবর) পূর্বধলা উপজেলা প্রকৌশল বিভাগ ৯টি গাছ নিলামে বিক্রি করে। স্থানীয় কামরুল ইসলাম খান সর্বোচ্চ ৯৬হাজার ৫শত টাকায় গাছগুলো ক্রয় করেন। গত ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিলামকারীর বিরুদ্ধে ৯টি গাছ কর্তনের স্থলে ১৬টি গাছ কর্তনের লিখিত অভিযোগ করেন মো. জাহিদ হাসান কাঞ্চন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান বলেন, “কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, “৯টি গাছের স্থলে ১৬টি গাছ কর্তনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”