সুমন চক্রবর্তী,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার যশোর-মনিরামপুর সড়কের বেগারীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতরা হলেন, বেগারীতলা বাজারের পাশের টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তাঁর স্কুল পড়ুয়া ছেলে তাওশি (৭), একই গ্রামের সামছুর রহমান (৭০), তৌহিদুল ইসলাম (২৮) ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
জানাযায়, কাভার্ড-ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকটি দোকান ভেঙে আবু তালেবের হোটেলে এসে ধাক্কা দিয়ে আটকে গেলে ততক্ষণে ঘটনা স্থানে মারা যান তারা। ঘটনার পরপরই কাভার্ড-ভ্যান ফেলে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। এ সময় স্থানীয়রা দৌড়ে এসে গাড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করে এবং ক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তী মনিরামপুর থানা পুলিশ ঘটনা স্থানে পৌঁছে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়রা বলেন, হাবিবুরের বাড়ি বাজারের পেছনে। সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে নিয়ে বাড়ি থেকে রাস্তায় ওঠেন হাবিবুর। কাভার্ড ভ্যানটি এসে প্রথমে তাঁদের দুজনকে চাপা দেয়। এরপর কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের কয়েকটি দোকান ভেঙে নুরুল আমিনের চা দোকানে বসে থাকা লোকজনকে চাপা দিয়ে হোটেলে এসে ধাক্কা দিয়ে আটকে যায়। এরপর সবাই দৌড়ে এসে কাভার্ড ভ্যানের নিচ থেকে সামছুর তৌহিদুল ও জিয়াউরের মরদেহ টেনে বের করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
শাহিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে সামছুর, তৌহিদুল ও জিয়াউর নাস্তা সেরে চা পানের জন্য নুরুল আমিনের দোকানের খাটের ওপর বসে ছিল। এ সময় কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দিয়ে ঠেলে নিয়ে এসে হোটেলে ধাক্কা দেয়। গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ দৃশ্য দেখা যায় না। আমরা মরদেহ ধরতে যেয়ে চালকের খবর নিতে পারিনি।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কাভার্ড-ভ্যানটা ৫ জনের জীবন কেড়ে নিয়েছে। ভ্যানের ধাক্কায় ৬ থেকে ৮টা দোকান ভেঙে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা চালকের উপযুক্ত শাস্তি চাই।