মো:নুর আলম, দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
বাংলাদেশ সাহিত্য জাদুঘর দুর্গাপুর,নেত্রকোনা'র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত হলো শীতকালীন জনপদ সাহিত্য উৎসব-২০২২ ।
দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ চত্ত্বরে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ । এ বছর উৎসব উৎসর্গ করা হয় কোভিড১৯-এ মৃত্যুবরণকারী কবি সাহিত্যিকদের প্রতি। দিনব্যাপী নানা আয়োজনে সারাদেশের কবি সাহিত্যিকদের আগমনে উৎসব প্রাঙ্গণ ছিল আনন্দমুখর।
বাংলাদেশ সাহিত্য জাদুঘর এর পরিচালক কবি জনপদ চৌধুরীর সঞ্চালনায় ও উৎসব আহ্বায়ক কবি আবুল বাশারের সভাপতিত্বে আমন্ত্রিত কবি লেখকদের স্বরচিত সাহিত্যপাঠের মধ্য দিয়ে উৎসবের মূল পর্ব শুরু হয়।
এতে স্বরচিত পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন জামালপুরের সিভিল সার্জন কবি মেহেদী ইকবাল ,শূন্য দশকের অন্যতম কবি কাজী নাসির মামুন, কবি রাহমান হাবিব, কবি তানভীর জাহান চৌধুরী, কবি দেবব্রত, কবি রহমান জীবন প্রমুখ।
উৎসবে কবি ও কবিতা প্রদর্শনীতে বৃহত্তর ময়মনসিংহের ১৫জন মান কবির কবিতা ও জীবন আখ্যান প্রদর্শিত হয় । এই আয়োজনে "নেত্রকোনার আদিবাসী জনসমাজ, কৃষ্টি ও লোকাচার" বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গারো জাতিসত্তার বরেণ্য কবি মতেন্দ্র মানখিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং । এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাশিল্পী শাখাওয়াত বকুল ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির।
এরপ অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান পর্ব। বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখা তিন গুণী ব্যক্তিত্বকে বাংলাদেশ সাহিত্য জাদুঘর সম্মাননা-২০২২ প্রদান করা হয়। কবিতায় সম্মাননা পান সত্তর দশকের অন্যতম কবি আশরাফ মীর , কথাসাহিত্যে সমকালীন কথাসাহিত্যিক তাশরিক -ই- হাবিব,গবেষণায় বরেণ্য গবেষক আলী আহাম্মদ খান আইয়োব।
সম্মাননা পর্বে বাংলাদেশ সাহিত্য জাদুঘর এর সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি লায়ন মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন, দেশের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিপ্লবের জন্য প্রয়োজন কবি সাহিত্যিকদের সৃজনশীল কর্মসাধনার স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা। বাংলাদেশ সাহিত্য জাদুঘর সেই লক্ষ্যে যে শীতকালীন জনপদ সাহিত্য উৎসবের সূচনা করেছে তা অত্যন্ত শুভ চেতনার পরিচায়ক। আমি এখানে এসে আনন্দিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহেদ আলী, স্বপন সান্যাল, আলী আজগর, এডভোকেট মানেশ চন্দ্র সাহা,সাংবাদিক এস. এম রফিকুল ইসলাম রফিক, দিলোয়ারা বেগম ,কবি প্রাঙ্গণ বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা কবি জালাল উদ্দিন আহমেদ এবং সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কবি মামুন রণবীর,নূর মোহাম্মদ,মোঃ নূর আলম,পলাশ সাহা সহ অনেকে। এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে ছিল জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন এবং এর সদস্যবৃন্দ।