হিরো আলম গ্রেফতার; বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

Date: 2022-12-05
news-banner


আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): 

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মো. হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তার দখল থেকে ৪০৫১ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লক্ষ ১৫ হাজার ৩ শত টাকা বলে র‌্যাব সূত্র জানায়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা বিচিত্রাকে জানানো হয় যে, র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোাগানকে সামনে রেখে মাদক নির্মূলে দেশজুড়ে র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
 
এরই ধারাবাহিকতায় গতকাল (৪ ডিসেম্বর) র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকসহ কারবারি হিরো আলম ওরফে হিরো মন্ডলকে আটক করে।
 এ সময় তার নিকট থেকে ৪০৫১ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উদ্ধারসহ ২ টি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়।  
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত হিরো আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবা (মাদক) ট্যবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে সূত্রে উল্লেখ করা হয়।

Leave Your Comments