বিরামপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

Date: 2022-12-11
news-banner


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ এবং ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জামাদীসহ মোছলেমা খাতুন ও আশা বেগম নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী আশা বেগম (২৯) উপজেলার খানপুর ইউনিয়নের পান্নাথপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও মোছলেমা খাতুন (২৬) পৌর শহরের বেগমপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানপুর ইউনিয়নের পান্নাথপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেন্সিগ্রিপ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ আশা বেগমকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও দুপুরে পৃথক আরও একটি অভিযানে পৌর শহরের মির্জাপুর মোড়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় লিপ্ত থাকায় হোটেলে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জামাদীসহ মোছলেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। সে সময় গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর স্বামী রুহুল ও মিজান পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের পৃর্বক আসামীদের রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলার পলাতক আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave Your Comments