দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত

Date: 2022-12-14
news-banner



এস. কে. রাসেল দৌলতপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ই ডিসেম্বর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৮.০০ শহীদদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন-উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,দৌলতপুর থানা,বীর মুক্তিযোদ্ধাগণ সহ অনেক প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,কৃষি অফিসার মোঃ রেজাউল করিম,ওসি তদন্ত মোঃ মজিবুর রহমান,শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক মোল্লা,দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।

আলোচনা বক্তারা বলেন- আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব  মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে।

বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।

খুনিদের মূল লক্ষ্য ছিল লড়াকু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও যেন বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু, দুর্বল ও দিকনির্দেশনাহীন হয়ে পড়ে। মেধা ও নেতৃত্বশূন্য হয়ে পড়লে সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না-এমন নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই হায়েনারা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই দিনে।

Leave Your Comments