রাজধানীর নবাবপুরে বাসদের পথসভা অনুষ্ঠিত

Date: 2022-12-16
news-banner



আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান):  আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এক পথসভার আয়োজন করে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪’টায় রাজধানী ঢাকার নবাবপুর মোড় এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি কমরেড মানস নন্দী, ঢাকা মহানগরের সদস্য সুষ্মিতা রায় সুপ্তি প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তব্যে তারা বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকারগুলো পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সার্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবী এখন গণদাবিতে রূপ নিয়েছে। অধিকার আদায়ের জন্য শুধু আন্দোলন নয়, এদেশের ইতিহাস বলে অধিকার রক্ষা করার শর্তও হচ্ছে জনগণের ঐক্যবদ্ধতা ও গণআন্দোলন।

 এই গণআন্দোলনের চাপ যতদিন সরকারের উপর থাকে ততদিন খানিকটা অর্থে জনগণ গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করতে পারে। জনগণের আন্দোলনের শক্তি থিতিয়ে যেতে থাকলে বর্তমান ব্যবস্থায় কোন শাসকই এই অধিকারগুলো জনগণকে চর্চা করতে দেয় না। শাসকগোষ্ঠীর বিপরীতে জনগণের নিজস্ব লড়াইয়ের শক্তি ধারণ করে বাম-গণতান্ত্রিক শক্তি। তাই বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ভোটের অধিকার, ভাতের অধিকার ও মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার ও রক্ষা করার জন্য এবং ব্যবস্থার আমূল পরিবর্তনে সর্বস্তরের জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। পরে তারা পুলিশী বাধা উপেক্ষা করে সমাবেশ ও দলের প্রচারপত্র বিলি করেন।

Leave Your Comments