বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
এ যেন বাঁদরের তৈলাক্ত বাঁশে ওঠার গল্প। এমনিতেই তো পিছলা কলাগাছ, আবার সেই গাছে তেল মাখিয়ে দেওয়া হয়েছে। কলাগাছ বেয়েই উঠতে গিয়ে পড়ে যাচ্ছে কেউ কেউ। আর যিনি উপরে উঠছেন তাকে ঘিরে চলছে হৈচৈ। তবে এটি কোনও অঙ্ক নয়, নিছক গ্রামবাংলার এক ঐতিহ্যবাহী খেলা।
তৈলাক্ত কলাগাছ বেয়ে কে আগে উঠতে পারে গ্রামবাংলার এমন এক বিলুপ্তপ্রায় খেলা হয়ে গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে।
সোমবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর সার্ক স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
খেলা দেখতে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপচেপড়া ভিড়। দর্শকদের আনন্দ-উল্লাসে জমে ওঠে তৈলাক্ত কলাগাছে উঠার খেলা।
খেলার শুরুতে ২০ফুট উচ্চতার কলাগাছে তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ। পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছে উঠতে থাকে। এ খেলায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন। কলাগাছে ওঠা প্রতিযোগিতায় সকল প্রতিযোগিকে টপকিয়ে আতাউর রহমান ১ম এবং ইনাম হোসেন ২য় স্থান অধিকার করেন।
এ খেলার পাশাপাশি বিভিন্ন বয়সী যুবকদের জন্য হাঁড়ি ভাঙা, হাঁস ধরা, পুকুরে সাঁতার, ছোট ও বড়দের দৌঁড় প্রতিযোগিতা, বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে ফুটবল খেলাসহ বেশ কিছু খেলার আয়োজন করে কর্তৃপক্ষ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।