দুর্নীতির অভিযোগে যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি

Date: 2023-01-04
news-banner



বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: 
সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার সভাপতি মো.আবু হেনা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে অব্যহতি দেওয়া হলো।’

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, যদিও চিঠির কথা শুনতেছি। আমাকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি।

 উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতির ব্যক্তিগত গুদাম থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল পাচারকালে ৫৪০ কেজি চাল আটক করেছিলেন স্থানীয় লোকজন। পরে তাঁরা চালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের কাছে জমা দিয়েছিলেন। সরকারি চাল পাচারের ঘটনায় ওই দিন বিকেলে দিনাজপুর জেলা খাদ্য অধিদপ্তর ও বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করেছিল প্রশাসন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বিদেশ থেকে টাকা ঋণ করে দেশের মানুষের জন্য ভর্তুকি দিচ্ছেন, সরকার ৬৫ টাকা কেজির চাল ২৮ টাকায় খাওয়াচ্ছে। আর এ সুযোগে ওএমএসের চাল পাচার করে যুবলীগ সভাপতি দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাঁর কঠিন শাস্তি হওয়া দরকার।

Leave Your Comments