এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান আটক

Date: 2023-01-14
news-banner



আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): 

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে (৭০) আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

 শুক্রবার (১৩ জানুয়ারী) রাত আনুমানিক আটটার দিকে তাকে আটক করা হয়। পিরোজপুরে এহসান গ্রুপের নামে অর্থ আত্মসাতের যে মামলা ছিল, সেই মামলায় উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানের নামে ১৭ টি ওয়ারেন্ট রয়েছে। তাই সদর থানা পুলিশ গতকাল সন্ধ্যার কিছু সময় পর তাকে গ্রেফতার করে।

 আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া এসব মামলার আসামি তার চার ছেলে বর্তমানে সবাই কারাগারে আটক রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান। পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার মৃত: ইব্রাহীম খানের পুত্র মাওলানা আব্দুর রব খান দুটি মাদ্রাসা যথাক্রমে খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসা পরিচালনার পাশাপাশি এহসান গ্রুপের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ খৃষ্টাব্দের ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর হাতে গ্রেফতার হওয়া রাগীব আহসান ও আবুল বাশার খান মাওলানা আব্দুর রব খানের দুই ছেলে। এর মধ্যে বড় ছেলে রাগীব আহসান একসময় ‘এহসান এস মাল্টিপারপাস’ নামে একটি কোম্পানিতে ৯ শত টাকা বেতনের চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে চাকরির সময় তিনি মাল্টিপারপাস কোম্পানির আদ্যোপান্ত রপ্ত করেন। পরবর্তী সময়ে নিজে ২০০৮ খৃষ্টাব্দে ‘এহসান রিয়েল এস্টেট’ নামে একটি মাল্টিপারপাস কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর পরিবারের সদস্যদের নাম যুক্ত করে ব্যবসায়িক কাঠামো তৈরি করেন। তাঁর নিকটাত্মীয়দের মধ্যে শ্বশুর প্রতিষ্ঠানের সহসভাপতি, বাবা মাওলানা আবদুর রব খান উপদেষ্টা, ভগ্নিপতি প্রতিষ্ঠানের ম্যানেজার। এছাড়া রাগীব আহসানের তিন ভাইয়ের মধ্যে আবুল বাশার প্রতিষ্ঠানের সহ-পরিচালক ও অন্য দুই ভাই প্রতিষ্ঠানের সদস্য। 

এ বিষয়ে খোঁজ নিয়ে আরো জানা যায় যে, ২০০৮ খ্রিষ্টাব্দে পিরোজপুর পৌরসভার খলিশাখালী এলাকায় ‘এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স’ নামে প্রতিষ্ঠান গড়ার পর রাগীব আহসান পিরোজপুর পৌর শহরের সিও অফিস মোড়সংলগ্ন এলাকায় জমি কিনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপন করে প্রতিষ্ঠানটির নতুন নাম দেন ‘এহসান গ্রুপ।’ এই এহসান গ্রুপের নামে ১৭ টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো এহসান পিরোজপুর বাংলাদেশ (পাবলিক) লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নুর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, জামিয়া আরাবিয়া নুরজাহান মহিলা মাদ্রাসা, হোটেল মদিনা ইন্টারন্যাশনাল (আবাসিক), আল্লাহর দান বস্ত্রালয়, পিরোজপুর বস্ত্রালয়- ১ ও ২, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং অ্যান্ড কোং, মেসার্স মক্কা এন্টারপ্রাইজ, এহসান মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, এহসান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইসলাম নিবাস প্রজেক্ট, এহসান পিরোজপুর হাসপাতাল, এহসান পিরোজপুর গবেষণাগার এবং এহসান পিরোজপুর বৃদ্ধাশ্রম। ভুক্তভোগীরা দাবি করেন, এসব প্রতিষ্ঠানের নামে অর্থ সংগ্রহ করে তিনি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের নামে-বেনামে সম্পত্তি ও জায়গা–জমি করেছেন। 

সুদবিহীন ‘শরিয়তসম্মত’ ব্যবসার নামে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই এহসান গ্রুপের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দেশের বিভিন্ন জেলায় মামলাও হয়েছে এর আগে।

Leave Your Comments