ঈশ্বরদীতে দেশের বৃহৎ পাদুকা শিল্প কারখানা উদ্বোধন

Date: 2023-01-16
news-banner



মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো দেশের অন্যতম বৃহৎ ফুটওয়্যার শিল্প কারখানার। রবিবার (১৫ জানুয়ারী) সকালে ‘আরআরপি ফুটওয়্যার এন্ড লেদার গুডস লিমিটেড' নামে শতভাগ রপ্তানীমূখি এই শিল্প কারখানার উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরপি গ্রুপের চেয়ারম্যান মনিরুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আজমল হোসেন খান। পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম। রাজশাহী বিভাগে বৃহত্তম এই শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছে ঈশ্বরদীর সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরআরপি গ্রুপ।

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ উর্দ্ধতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিদেশী অতিথিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

শত বিঘা জমির ওপর ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে আরআরপি ফুটওয়্যার এন্ড লেদার গুডস লিমিটেড নির্মাণ করা হয়েছে। কারখানায় জুতা-স্যান্ডেলের সাথে মানিব্যগ, বেল্ট, লেডিস পার্স ও ব্যাগ এবং চামড়াজাত-সিনথেটিক ক্যাটাগরির পণ্য উৎপাদিত হবে। জাপান, ভারত, ইউএসএ, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে এই কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানী হবে। 

ঈশ্বরদীতে এ শিল্প কারখানা নির্মাণের ফলে স্থানীয় জনগোষ্ঠীর অনেক বেকারের কর্মসংস্থাপনের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ এবং রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।

আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম খান বলেন, রপ্তানীযোগ্য শতভাগ কোয়ালিটি সম্পন্ন চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য ইতোমধ্যেই দক্ষ কারিগর নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কারখানায় পাঁচ সহস্রাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। স্থানীয় জনগোষ্ঠির কর্মসংস্থানের সাথে সাথে বিদেশে পণ্য রপ্তানী করে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ এবং রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানান তিনি।

Leave Your Comments