গোয়াইনঘাট মডেল মসজিদের উদ্বোধন : বইছে উৎসবের আমেজ

Date: 2023-01-16
news-banner


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ সহ দেশের  ৫০টি মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্ভোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।


প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে গোয়াইনঘাট  উপজেলায় নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন মডেল মসজিদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এই মডেল মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি গবেষণা, ইসলামি সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ রয়েছে। নির্মিত এ মডেল মসজিদ টি শুধুই মসজিদ নয় এটি একটি ইসলামিক কালচারাল একাডেমী। এখানে রয়েছে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়, পাঠকক্ষসহ লাইব্রেরী, বই বিক্রি কেন্দ্র, পুরুষের পাশাপাশি নারী ও প্রতিবন্ধীদের নামাজের স্থান, মৃত ব্যক্তির গোসলের স্থান ও জানাযার স্থান, টয়েলেট ও অজুখানা, ইমাম ট্রেইনিং সেন্টার।


সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে গোয়াইনঘাট উপজেলার একটি সহ দ্বিতীয় পর্যায়ে  সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি প্রথম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।


প্রতিটা মসজিদে কমবেশি ১ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়া কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। 


মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন পূর্বে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গনমাধ্যমকর্মীসহ সকলশ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। সিলেট গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের সিলেটের সহকারী পরিচালক দীন মোহাম্মদ নিয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে নবনিয়োগ প্রাপ্ত ইমাম মুয়াজ্জিন ও খাদেমগণের নিয়োগ পত্র তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপস্থিত অতিথিবৃন্দ এবং মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র  নির্মাণে স্থানীয়ভাবে যাদের ভূমিকা ছিল তাঁদেরকেও শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান,মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সুবিধা ও সুব্যবস্থাগুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এবং বলেন এইরকম দৃষ্টিনন্দন নান্দনিক সৌন্দর্যের অধিকারী স্থাপনা গোয়াইনঘাট উপজেলায় দ্বিতীয়টি আর নেই। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র ভূয়সী প্রশংসা তাঁহাদের দীর্ঘায়ু কামনা সহ গোয়াইনঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, মডেল মসজিদগুলো শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন ও গবেষণার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলো চালু হলে মুসল্লির সংখ্যা বাড়ার পাশপাশি প্রকৃত ধর্মীয় চার্চার কেন্দ্র গড়ে উঠবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  গোয়াইনঘাট উপজেলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফুল হক।


 এদিকে এ মডেল মসজিদ উদ্বোধনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলার আপামর জনতার মাঝে  উৎসবের আমেজ বইছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে অতিথিবৃন্দ এবং স্থানীয়দের নিয়ে জোহরের নামাজ পড়ে এবং মিলাদ ও দোয়া পরিচালনার মধ্যদিয়ে মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে শিরনী বিতরণ করা হয়েছে।

Leave Your Comments