আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার (৪০) হত্যা মামলায় জিআর-৩০/৭ (কাঠা) সেশন- ২৯/৮ ধারা- ৩০২/৩৪ এর মৃত্যুদন্ডপ্রাপ্ত (ফাঁসির) প্রধান আসামী মোঃ সরোয়ার হোসেন (৪০) কে গত ১৪/০১/২০২৩ খ্রিঃ তারিখ শনিবার ভোর রাতে ঢাকার খিলগাঁও থানাধীন ভ‚ঁইয়াপাড়া এলাকা থেকে কাঠালিয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম ও সঙ্গিয় ফোর্স গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সরোয়ার হোসেন কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে।
উল্লেখ্য ২০০৭ সালের ১৭ ই মার্চ রাতে কাঠালিয়া থানার দক্ষিন চেচরী গ্রামের স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করলে ঘটনার পরের দিন নিহতের বড় ভাই মোঃ মানিক হাওলাদার বাদী হয়ে সরোয়ার হোসেন সহ ০৯ জনকে আসামী করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২১ শে আগস্ট আসামী সরোয়ার হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়, পরে আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে উক্ত আসামী পলাতক হয় । মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৯ মার্চ বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত আসামী সরোয়ার হোসেন সহ মোট ০৩ (তিন) জনকে মৃত্যু দন্ডাদেশ দেন।