কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জয়ন্তিকা ট্রেনে কাটা পড়ে আলভি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আলভী খাদিমপাড়া গ্রামের সাবেক মেম্বার শামীম উদ্দিনের ছেলে। বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস বরমচাল স্টেশন অতিক্রম করার পর খাদিমপাড়া রেললাইনে ট্রেন দেখে শিশু আলভী রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
রেলওয়ে থানার এসআই রবিন খান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।