বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় ৫০ বোতল ভারতীয় মদসহ গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহা সড়কের উপজেলার আতকাপাড়া নামক স্থানে তিন মাদক কারবারীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার বটতলা (ঘোনাপাড়া) গ্রামের সুরুজ আলীর ছেলে সোহেল (৩২), একই গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে আবু সামা (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সালিহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম (৪২)।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা ও একটি ব্যাগ থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।