সাকিব হোসেইন, (বিশেষ প্রতিনিধি):
কুমিল্লার তিতাসের আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা (৩৫) হত্যা মামলার আসামি ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ জেলা জজ আদালত।
গতকাল রোববার (২২ জানুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে,আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নিহত জহিরুল ইসলাম ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
উল্লেখ্য, গত ২০২২ সালের ৬ ডিসেম্বর উপজেলার মানিককান্দি গ্রামে মাছের প্রজেক্টের জমি ও মাছ ধরাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ ও একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ মীমাংসার কথা বলে যুবলীগের সহ-সভাপতি জহিরকে ডাকেন। পুলিশের উপস্থিতিতে জহির তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসলে এ সময় সাইফুল মেম্বারের লোকজন জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিলে হাসপাতালে নেওয়ার পথে জহিরের মৃত্যু হয়।
নিহত জহিরের ছোট ভাই মামলার বাদী এসহাক মোল্লা কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল চেয়ারম্যান আমার বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। গতকাল রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আসামি বাবুল জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো বলেন এই মামলার ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামী সাইফুল মেম্বারসহ ১০ জন জেল হাজতে আছে, ২৬ জন উচ্চ আদালতের আদেশে জামিনে আছে ও ৭ জন পলাতক রয়েছে।
এই বিষয়ে বাবুল আহম্মেদ এর স্ত্রী মিসেস বাবুল বলেন, আমার স্বামী উচ্চ আদালতে জামিনে ছিলেন। আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে, আদালত জামিন নামঞ্জুর করেন। তবে আমরা আবারও জামিন চাইব।