গোয়াইনঘাটে কৃষকের মাঝে বিনামূল্যে সেচ যন্ত্র বিতরণ

Date: 2023-01-23
news-banner


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। 

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের প্রাণ। কৃষক আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারিগর। কৃষি খাতে সমৃদ্ধি মানে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়া। কৃষি ও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিকে ঘিরেই বাঙালি সভ্যতার জাগরণ শুরু। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্র কৃষির কোনো বিকল্প নেই। উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তির কল্যাণে কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা কৃষিতে সম্ভাবনাময়ী হয়ে উঠছে। 

সোমবার ২৩ জানুয়ারী দুপুর ১২ টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আধুনিক  প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে  কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে সেচযন্ত্র বিতরণ করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৮ টি ইউনিয়নে গ্রুপের মাধ্যমে ৮ টি সেচযন্ত্র বিনামূল্যে  বিতরণ করা হয়। প্রতিটি সেচযন্ত্রের বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা করে। উপজেলার প্রতিটি ইউনিয়নে আরো সেচযন্ত্র বিতরণ করা হবে এবং প্রতিটি সেচযন্ত্রের মাধ্যমে সীজনে ৫০ হেক্টর জমিতে পানি পাম্পের মাধ্যমে চাষাবাদ করা যাবে।
এছাড়াও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আরো অনেকে। 

Leave Your Comments