সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন

Date: 2023-02-06
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানীর প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ভৈরব সাংবাদিক সমাজের  আয়োজনে (৬ ফেব্রুয়ারি)সোমবার সকালে ভৈরব বাস স্ট্যান্ড দুর্জয় মোড় সিলেট টু ঢাকাগামী মহাসড়ক রোড এলাকায়   মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একদিকে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলছেন— এই আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না। অন্যদিকে হরহামেশাই এই আইনে করা মামলায় সাংবাদিকরা গ্রেপ্তারসহ নানান হয়রানির শিকার হচ্ছেন।’

তাদের ভাষ্য, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। ফলে আইনটি হয়ে উঠেছে সাংবাদিক নির্যাতনের একটি কালো আইন। যার সর্বশেষ শিকার হয়েছেন দেশের সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ।

এসময় ভৈরব প্রেসক্লাব, ভৈরব রিপোর্টার্স  ক্লাব ইউনিটি, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ),মানবাধিকার সংস্থা নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভিতে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে চার সদস্যের কমিটি গঠন’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়। পরে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে এ মামলা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

Leave Your Comments