জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ আটক ১

Date: 2023-02-10
news-banner


আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): 

 রাজধানীর ডেমরা এলাকা থেকে রেজাউল করিম (৩০) নামে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সক্রিয় ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১০। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৮ ফেব্রুয়ারী) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন ফার্মেরমোড় এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য রেজাউল করিমকে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ১৬ টি জাল সার্টিফিকেট, ১ টি হার্ডডিক্সসহ সিপিইউ, ১ টি মনিটর, ১ টি কালার প্রিন্টার, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস ও বিভিন্ন প্রকারের ৫ টি ক্যাবল উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রেজাউল করিম বেশ কিছুদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Leave Your Comments