কেরাণীগঞ্জে ৩ অপহরণকারী আটক

Date: 2023-02-15
news-banner


আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): 

ঢাকার কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে মো. রবিন হোসেন (২৪) মো. রমজান আলী (৪২) ও মো. এরশাদ (২৬) নামের অপহরণকারী চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

 এ সময় অপহৃত দুই ভাই মো. সাব্বির হোসেন (২৬) ও মো. শাহাদাত হোসেনকে (২৩) উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের কাছ থেকে ৩ টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৮ শত ৭০ টাকা জব্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়। 

র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে সূত্রটি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারী র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগৈড় আলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম মালায়েশিয়া প্রবাসী দুই সহোদরকে উদ্ধার ও উল্লেখিত তিন অপহরণকারীকে গ্রেফতার করে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা জানায়, গত ১২ ফেব্রুয়ারী তারিখ মালায়েশিয়া ফেরত দুই ভাই সাব্বির হোসেন ও শাহাদাত হোসেনকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বের হওয়ার সময় তারা লাগেজ/ ব্যাগসহ জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে।

 অতঃপর অধহৃত দুই ভাইয়ের নিকট থেকে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে তাদেরকে মারধর করে এবং হত্যাসহ বিভিন্ন হুমকি প্রদান করে। পরে কেরাণীগঞ্জ থানাধীন বাগৈড় আলিয়াপাড়া এলাকায় একটি অন্ধকার ঘরে তাদেরকে আটকে রাখে। পরবর্তীতে অপহৃতদের মোবাইল ফোনের মাধ্যমে তাদের আত্মীয়দের নিকট ৬ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। 

আত্মীয়রা বিষয়টি র‌্যাব-১০ কে অবহিত করলে র‌্যাব-১০ গোয়েন্দা তৎপরতা চালিয়ে ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। পরে সংশ্লিষ্ট থানায় ভিকটিম শাহাদাত হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা রুজু করেছেন বলে র‌্যাব সূত্র জানায়।

Leave Your Comments