আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে মশার কয়েলে হতদরিদ্র ফেরিওয়ালার গোয়ালঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটা ঘটেছে উপজেলার পাথালিয়া গ্রামে হতদরিদ্র আব্দুর রাজ্জাক এর বাড়িতে। এ ঘটনায় কয়েকটি গাভী ও ছাগল আগুনে পুড়ে দগ্ধসহ আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক আব্দুর রাজ্জাকও আগুনে পুড়ে আহত হয়েছে বলে জানা যায়।
গত ১৭ ই ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মত গত শুক্রবার রাতেও গোয়াল ঘরে গাভী ও ছাগলটিকে খাবার দিয়ে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার সময় গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির পাশের লোকজন চিৎকার করলে ঘুম থেকে জেগে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। ততক্ষনে গোয়ালে থাকা আমার গাভী ও ছাগলের শরীরের একাংশ পুড়ে গেছে। প্রতিবেশীদের সহোযোগিতায় দগ্ধ গাভী ও ছাগলটি আংশিক পোড়া অবস্থায় উদ্ধার করা গেলেও গোয়াল ঘরের উপরে থাকা পাটকাঠিতে আগুন লাগায় গোয়াল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।সিমেন্টের তৈরি খুঁটি এবং গরুর খাবার দেয়ার জন্য ইটের তৈরি নান্দা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্রীধরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তরফদার মুশারেফ হোসেন জানান, গরীব ফেরিওয়ালা আব্দুর রাজ্জাক শেখের গোয়ালে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি গাভী ও ছাগলের শরীরের কিছুটা অংশ পুড়ে গেছে এবং গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দরিদ্র আব্দুর রাজ্জাকের অপুরনীয় ক্ষতি হয়েছে।তাকে সহযোগিতার জন্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।