সুপারি চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় নির্যাতন ঘটনায় মামলা : আসামী লতিফ গ্রেফতার

Date: 2023-02-21
news-banner



আবু জাফর বিশ্বাস , ঝালকাঠিঃ 
 ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশু ও তার পিতাকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের অভিযোগে লতিফ খান নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

   মঙ্গলবার (২১ ) ফেব্রুয়ারি রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করায় তাকে গ্রেফতার করে পুলিশ। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

   মামলার বিবরন ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে সুপারি চুরি সন্দেহে প্রভাবশালী লতিফ খান ও তার সহযোগীরা প্রতিবেশী শিশু ছাব্বির (১১) ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে ঘর থেকে ধরে আনে। এরপর উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দুজনের উপর পাশবিক নির্যাতন চালিয়ে শিশুর মাথার চুল কেটে দেয়।

    এরপর নির্যাতিত পিতা-পুত্রকে সারারাত খোলা আকাশের নীচে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। সোমবার সকাল ১০টার দিকে নির্যাতনকারী লতিফ খান সাদা কাগজে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়। এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পরলে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে।

Leave Your Comments