শালিখায় জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা

Date: 2023-03-02
news-banner


মেহেদী হাসান ইমরান,(মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শালিখা উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা ওসি তদন্ত মিলন ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস। এ সময় শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শালিখা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  স্বাগত বক্তব্যে পাভেল দাস বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সঠিকভাবে বাস্তবায়িত হলে ২০৪১ সালের মধ্যে আজকের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবে পাশাপাশি তিনি স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা, রোডম্যাপসহ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারের গৃহীত ১৪ টি সিদ্ধান্তের কথা ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যই প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, ভূমি অফিস, নির্বাচন অফিস, কৃষি অফিসসহ বিভিন্ন অফিসের দাপ্তরিক কার্যক্রমে এখন আর কাউকে আগের মতো হয়রানি বা ভোগান্তির শিকার হতে হয় না পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Leave Your Comments