গারো পাহাড়ের সবুজ অরণ্যে ব্যতিক্রমী এক শিল্প আড্ডা

Date: 2023-03-04
news-banner



মোঃ নূর আলম, নেত্রকোনা জেলা প্রতিনিধি।।

নেত্রকোনার পর্যটন শহর সুসঙ্গ দুর্গাপুরের গারো পাহাড়ের সবুজ অরণ্যে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক শিল্প আড্ডা। জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন এই আড্ডার আয়োজন করে।

আয়োজকরা জানান শহরের ইট পাথরের আঙিনার বাইরে গিয়ে প্রকৃতিতে মিশে যাবার  আয়োজন ছিল এটি। এই আয়োজনে প্রাণ প্রকৃতি,তারুণ্য ও শিল্প সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে দুর্গাপুরের সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব,নাট্যাভিনেতা আনোয়ার হাসান এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শুরু হয় আলোচনা পর্ব। এতে নির্ধারিত বিষয় ছিল নিম গাছের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা এবং বিশ্ব প্রকৃতিতে সাপের অস্তিত্ব রক্ষার তাৎপর্য।

আলোচনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণ প্রকৃতির নানা প্রসঙ্গ তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষ পরিবেশের উন্নয়নে জাগ্রত হলে একটি সবুজ ধরিত্রী নির্মাণ ত্বরান্বিত হবে। তাঁরা আরও বলেন,তারুণ্যের শক্তির মধ্য দিয়েই সব জয় করা সম্ভব। আমরা মাসিক স্টাডি সার্কেলের মধ্য দিয়ে যেতে চাই। প্রকৃতির অংশ হিসেবে যে কোন বিষয় নিয়ে কাজ অব্যাহত রাখতে চাই। বাস্তুসংস্থানের জন্য প্রতিটি প্রাণীই গুরুত্বপূর্ণ। কোন প্রাণীই যেন বিলুপ্ত না হয় সেজন্য আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুজন পাঠকের হাতে দুটি বই পাঠ উন্মোচনের জন্য তুলে দেওয়া হয়। এর মধ্যে একটি হলো- প্রখ্যাত লেখক রমেশচন্দ্র মজুমদার রচিত-"বাংলা দেশের ইতিহাস", এবং অন্যটি হলো- গল্পকার রাজীব উল আহসান রচিত-"দুহিতার বেসাতি"। যা মাস শেষে চক্রাকারে আটজন পাঠকের মাধ্যমে উঠে আসবে। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- প্রভাষক জনপদ চৌধুরী,কবি ও সাংবাদিক মামুন রণবীর,আলোকচিত্রী মাসুদ রানা,
মোঃরাশিদুজ্জামান,মো.রমজান আহমেদ সৌরভ,মো.সাদিকুল ইসলাম,আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

Leave Your Comments