বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেলা-উৎসব

Date: 2023-03-06
news-banner



আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান):  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে তাঁর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর লালবাগে আজ সোমবার (৬ মার্চ) বেলা ১১ টায় “বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০২৩” শিরোনামে এক উৎসবমূখর আয়োজনে ‘মেলা-উৎসব’ শুভ উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ’ এর আহবায়ক আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিকের উদ্যোগে এই ‘মেলা-উৎসব’ এর আয়োজন করা হয়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ’ ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে বিগত ৯ বছর যাবত এলাকায় এই অয়োজন করে আসছে। ইতোমধ্যে তাদের এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ড এলাকায় আজিমপুর সরকারি কলোনীর ২৭ নং ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এবারের মেলা-উৎসব অদ্য হতে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত টানা চলবে বলে জানা যায়। 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা ঘুরে দেখা গেছে, এই উৎসবে সব বয়সী মানুষের আনা-গোনা শুরু হয়েছে। মাঠের চারপাশে বসেছে হরেক রকমের দোকান এবং বিভিন্ন ধরনের রাইড। নাগরদোলায় দুলছে শিশু-কিশোররা। উদ্বোধনী দিন হিসেবে প্রায় ৪/৫ শ শিশু-কিশোর সম্পূর্ণ বিনামূল্যে এই আনন্দ উপভোগ করে। বঙ্গবন্ধুর জন্মদিন ও মেলাকে কেন্দ্র করে শিশুদের জন্য রয়েছে বঙ্গবন্ধুর ছবি আঁকা প্রতিযোগীতা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা। অনুষ্ঠানে আজিমপুর, বটতলা, রসুলবাগ, হাজারীবাগ, ইসলামবাগ ও পলাশীসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করছে। প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই উৎসব। 
হাসিবুর রহমান মানিক বার্তা বিচিত্রাকে বলেন, এই উৎসবের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি দিয়ে ‘আমাদের বাড়ি’ সাজানো হয়েছে। হরেক রকমের দোকান বসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণির মানুষ অংশগ্রহন করছেন। তাদের এই অংশগ্রহনই প্রমাণ করে তারা বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসেন। 
‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের সাংসদ হাজী মো. সেলিম, বিশেষ অতিথি ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এবং ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক কার্যকরি সদস্য ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য লিপি খানম। আরও উপস্থিত ছিলেন বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান সাগর, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ মো. আকতার ও আজিমপুর বটতলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ’ এর সাধারন সম্পাদক শেখ সোহেল রানা।

Leave Your Comments