আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান)।। এ্যাডভোকেট ইয়াসিন জাহান (নিশান) ভূঁইয়া, একজন আইনজীবী। একজন নারী আইনজীবী এবং তিনি একজন মানবিক আইজীবী হিসেবে পরিচিত। সমাজের নির্যাতিত-নিপীড়িত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে স্ব-উদ্যোগী হয়ে তিনি কাজ করে থাকেন। ইয়াছিন জাহান নিশান ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে ব্যালট ক্রমিক নং- ২২ নিয়ে সদস্য পদপ্রর্থী হয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে জয়ী হবার পর মানুষের জন্য তাঁর এই সেবামূলক কাজ করার সুযোগ আরও একধাপ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। মানব সেবায় দৃঢ় প্রত্যয়ী ইয়াসিন জাহানের এই সাফল্যে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অপরাধ অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক বার্তা বিচিত্রা পরিবার।
এ সময় বার্তা বিচিত্রার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ইয়াছিন জাহান সম্মতি জ্ঞাপন করেন যে, অসহায় মানুষদের আইনি সহায়তা দেওয়া কোনো করুণা নয়; এটি তাদের অধিকার। দরিদ্র ও অসহায় মানুষকে আইনগত সহায়তা দেওয়া রাষ্ট্রের যেমন অপরিহার্য দায়িত্ব রয়েছে তেমনি সরকারি ব্যবস্থাপনায় আইনগত সহায়তা দেওয়ার পাশপাশি ব্যক্তি উদ্যোগেও স্বপ্রণোদিত হয়ে এটা করা উচিত। এটা পাওয়া কোনো দান বা করুণা নয় বরং এটা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার বলেই মনে করেন এ্যাডভোকেট ইয়াছিন জাহান নিশান। তিনি মনে করেন, ন্যায় বিচার প্রাপ্তি এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার একটি সার্বজনীন মৌলিক মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং দরিদ্রবান্ধব ও জনকল্যাণকর বিচার ব্যবস্থার অন্যতম শক্তি হলো আইনগত সহায়তা।
ইয়াছিন জাহান নিশান বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুর জেলা সদরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর বাবা মৃত: ইয়ার মোহাম্মদ ভূঁইয়া ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। মাতা নাজমুন নাহার ধনী, বর্তমানে ধনী-ভূঁইয়া এসোসিয়েটস্ এর পরিচালনা পর্ষদে রয়েছেন। এক ভাই এক বোনের মধ্যে ইয়াছিন জাহান বড়। ছোট ভাই এ্যাডভোকেট ইয়াসির আরাফাত ভূঁইয়া সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। বাবা ঢাকায় বাড়ি করার সুবাদে ইয়াছিন জাহানের বেড়ে উঠা রাজধানী ঢাকার জুরাইনে। লক্ষীপুরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইয়াছিন জাহান পরবর্তী শিক্ষাজীবনে অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন। ২০১৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে নিয়মিত আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বৈবাহিক সূত্রে ইয়াছিন জাহান নিশান বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের বাসিন্দা নজরুল ইসলামের সুযোগ্য সন্তান সোহাকুল ইসলাম রনিকে বিয়ে করেন। তিনিও আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
বার্তা বিচিত্রা পরিবারের সাথে খোলামেলা আলোচনায় ইয়াছিন জাহান নিশান বলেন, “ঢাকা বারের সাবেক সহ-সভাপতি অতিরিক্ত পিপি মাদরীপুরের কৃতি সন্তান বিজ্ঞ প্রয়াত শাহজাহান হাওলাদার স্যারের জুনিয়রশীপ করার সৌভাগ্য লাভের মাধ্যমে আদালত অঙ্গনে আমার আগমন।” তিনি আরও বলেন, “আমার প্রাণপ্রিয় আইনজীবীগণ আমাকে যেভাবে আন্তরিক দোয়া, সহযোগীতা ও সমর্থন দিয়ে নির্বাচনে জয়ের পথ সুগম করেছেন, ভবিষ্যতেও সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলেই আমার পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।”
ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার দিবাগত রাত ১২টার পর। এর আগে বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ১৯ হাজার ৬০০ জন আইনজীবী ভোটারের মধ্যে মোট ৯ হাজার ২৪৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন গোলাম কিবরিয়া জুবায়ের।