কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান (৩য়) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।
ইতিপূর্বে তিনি মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ বিজয় অর্জন করতে সক্ষম হন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পত্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জাতীয় পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান সলমান বাছাই প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তৃতীয় স্থান অধিকারী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একেএম সফি আহমদ সলমান উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
ইতিপূর্বে তিনি ১৯৯৭ সাল থেকে একাধারে ২০১৫ সাল পর্যন্ত ৩য় মেয়াদে ১৯ বছর কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। কুলাউড়াবাসীর ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন।
তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় আমি কুলাউড়া উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করেছেন।