ইবিতে প্রথমবারের মত সায়েন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট অনুষ্ঠিত

Date: 2023-03-12
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত বিজ্ঞান চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন সায়েন্স ক্লাবের উদ্যোগে 'সায়েন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট' অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১২ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার রুমে অলিম্পিয়াডটি শুরু হয়। 

সায়েন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহাজাহান আলী ও অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম। 

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৬টি বিভাগসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের ২০টির ও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকলের জন্য স্ন্যাকসের ব্যবস্থা ছিলো। এছাড়া প্রতিযোগিতাটি দুটি পর্বে ভাগ করে করা হয়েছে। প্রথম পর্বে 'সায়েন্স অলিম্পিয়াড' ও দ্বিতীয় পর্বে 'ট্রেজার হান্ট'। 

প্রথম পর্বে সায়েন্স অলিম্পিয়াডে তিনটি ক্যাটাগরিতে (বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল) অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরি থেকে তিনজন করে মোট নয়জন বিজয়ী কে ক্রেস্ট, টি শার্ট, শিক্ষা-উপকরণসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে। সেইসাথে অলিম্পিয়াডে অংশ নেওয়া সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

দ্বিতীয় পর্বে ট্রেজার হান্ট প্রতিযোগিতায় প্রতি গ্রুপে চারজন করে মোট ১০ টি গ্রুপ অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় সবার আগে ট্রেজার খুঁজে বের করে জয়লাভ করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের টিম 'মেটাফোর'।

ট্রেজার হান্ট প্রতিযোগিতায় বিজয়ী দলের দলনেতা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী উম্মে হাবীবা মাহিম বলেন, দশটি টিম কে পেছনে ফেলে জয়লাভ করেছি টিমওয়ার্কের জন্য। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম৷ আয়োজকদের ধন্যবাদ এমন দারুণ আয়োজনের জন্য। 

অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে আসা ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদিল সরকার মাহির কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এ প্রতিযোগিতা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি এখানে শিখতে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে পরীক্ষা দেয়া আমার জন্য এক দারুণ অনুভূতি। যা আমার ভবিষ্যতে কাজে দিবে।

এ বিষয়ে সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রথমবারেরমতো অলিম্পিয়াডের আয়োজন করে যে সাড়া পেয়েছি, তা আমাদের সাহস জুগিয়েছে। ভবিষ্যতে এমন ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

উল্লেখ্য, উক্ত অলিম্পিয়াডটি স্পনসর করেছেন সোহান'স ভার্সিটি এডমিশন কোচিং, কুষ্টিয়া। এবং মিডিয়া পার্টনার হিসেবে আছেন দৈনিক আমাদের সময়।

Leave Your Comments