আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি :: ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জাল হোসেন, সাধারণ সম্পাদক সুনিল বরন হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোমাদ্দার ও নলছিটি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জলিল আকন্দ এবং রাজাপুর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, বর্তমানে দেশে মাধ্যমিক শিক্ষার ৯৫ ভাগ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এই বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানান শিক্ষক নেতারা।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষক-কর্মচারি অংশ নেন।