আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় আবারও উত্তাপ ছড়িয়েছে দেশে। এসব বিষয় নিয়ে সরেজমিনে ক্যাম্পাসে পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কমিটি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে আসেন কমিটির সদস্যরা। প্রায় ৫ ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে বিকাল ৫ টায় ক্যাম্পাস ত্যাগ করেন তাঁরা।
দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ইউজিসির কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেজিস্টার, ডীন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, সিনিয়র অধ্যাপক, প্রকল্প পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, এন্টি র্যাগিং ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহ্বায়ককের সঙ্গে বৈঠক করেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন পরিদর্শন কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও সদস্য সচিব ইউজিসির উপসচিব মোহাম্মদ ইউসুফ আলী খান। কমিটির আরেক সদস্য ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
দেড় ঘন্টার বৈঠকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতন, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের 'কন্ঠের মতো' ফাঁস হওয়া অডিও, শিক্ষক নিয়োগে দুর্নীতি, প্লানিং কমিটির নীতিমালা না মানা, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিবাদ, চলমান মেগা প্রজেক্ট, র্যাগিং বিরোধী সভাসহ সার্বিক বিষয়ে কথা বলেন। কমিটি বৈঠকের সকল কথা রেকর্ড করে নেন। ইউজিসির কমিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিবেন।
জানা যায়, ইউজিসির কমিটির কাছে র্যাগিং কান্ডে নিজেদের দায় স্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের এক ডীন। তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব ঠিকমত পালন করলে এ ঘটনা ঘটতো না। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন ও তাৎক্ষণিক নেওয়া উচিত। এসময় অডিও কান্ডের কথা সরাসরি না বলে আকার ইঙ্গিতে ইউজিসিকে বিব্রতকর অবস্থার কথা জানান আরেক সিনিয়র শিক্ষক।
বৈঠকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। তিনি সামগ্রিক বিষয়ে কথা বলেন। তিনি বৈঠকে বলেন, কিছু দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাঁদের বাসা ভাড়া মওকূফ, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্বস্তিকর পরিবেশসহ সার্বিক বিষয়ে কথা বলেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকে ইউজিসির টিম বিভিন্ন কথা বলেন। র্যাগিং কান্ডে ইউজিসি বলেন, আবাসিক হলে রাতে শিক্ষক থাকলে, এ ঘটনা এড়ানো যেতো। কিছু দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাঁদের বাসা ভাড়া মহকূফ করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন কমিটির আহ্বায়ক।
এছাড়াও ইউজিসি শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয়ে বলেন ইউজিসি ও সরকার শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখতে চায় না। প্লানিং কমিটির প্রসঙ্গে বলেন নীতিমালা না মানা ঠিক হয়নি। কারণ কমিটির প্রত্যেক সদস্য সম্মানিত সদস্য।
বৈঠক শেষ করে চলমান মেগা প্রজেক্টের মেয়েদের দুটি হল পরিদর্শনে যান এই কমিটি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য পরিদর্শন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিল আফরোজা বেগম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।