লালবাগের জগৎ মোহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

Date: 2023-03-15
news-banner



নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর লালবাগ থানাধীন জগৎ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ। এর আগে জানুয়ারি মাসে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মাঝে নতুন বছরে প্রাথমিকের ছোট ছোট শ্রেণিতে ছোট্ট সোনামণিদের ‘নবীন বরণ’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ এর আনুষ্ঠানিকতা উদযাপন শেষে অদ্য ১৫ মার্চ (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গনে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শিক্ষা কর্মকর্তা মোসাঃ শেলিমা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা ইশরাত আহমেদ। এছাড়া লালবাগের অন্যান্য সহকারী থানা শিক্ষা কর্মকর্তাদের সাথে আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. আসলাম এবং পিটিএ. সভাপতি আব্দুল্লাহ আল মামুন। 
প্রধান শিক্ষক শেখ মোসাম্মৎ নাসরিন মাহমুদার সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক শায়লা রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোসাঃ শেলিমা খাতুন শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের মত আমারও একটা শৈশব ছিল, আমিও তোমাদের মত এমন সুন্দর করে সাজতাম।’ বিদ্যালয়ের পড়ালেখার প্রশংসা করে তিনি শিশুদেরকে আরও মনোযোগী হওয়ার উপদেশ দেন। তিনি বলেন, ‘শিক্ষা, শিক্ষা আর শিক্ষা অর্জন, তাহলে ভবিষ্যতে তোমাদের আর কোনো দুঃখ থাকবেনা।’ পরে তিনি শিশুদের সাথে কন্ঠ মিলিয়ে ‘সাদা-সাদা, কালা-কালা, রঙ তুলেছে সাদা-কালা.. .’ গানটি সমবেত কন্ঠে পরিবেশন করেন। 
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অন্যান্য অতিথিরা বলেন, ‘সুস্থ শরীর সুস্থ মন’ গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে খেলাধুলা ও বিনোদনের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি শিশুদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলা করারও প্রয়োজন রয়েছে। যা শহর কেন্দ্রীক অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে হয়ে ওঠে না। এখানে রয়েছে জায়গার অভাব। উম্মুক্ত পরিবেশ নেই বললেই চলে। এ বিষয়ে আমাদের সকলের একটু সচেষ্ট হওয়া দরকার। সপ্তাহে অন্তত ২/১ দিন করে হলেও শিশুরা যেন উম্মুক্ত পরিবেশে, খোলা মাঠে কিছুটা সময় খেলাধুলা করতে পারে সে ব্যপারে অভিভাবকদের আহবান জানান তারা। পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি থানা শিক্ষা কর্মকর্তা মোসাঃ শেলিমা খাতুন।

Leave Your Comments