পূর্বধলা, (নেত্রকোণা) প্রতিনিধি: অনিয়ম অভিযোগের সংবাদ প্রকাশের পর নেত্রকোনার পূর্বধলায় ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
নিয়ম ও শর্ত না মানায় বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স এ নির্দেশ দেন।
উপজেলার হ্যালিপ্যাড মাঠে ১২ দিনব্যাপী এই মেলা গত ৮ মার্চ শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলার কথা ছিলো।
জানা গেছে, মেলা আয়োজক কমিটি কোন প্রকার নিয়মের তোয়াক্কা না করে শর্ত ভঙ্গ করে মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২১টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পূর্বধলা প্রেসক্লাবের নামে আয়োজনের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন দেয়। অনুমতিপত্র অনুযায়ী মেলায় কোন প্রকার গানের আসর বসানো যাবে না এবং সন্ধ্যা ৬টার মধ্যে মেলার সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশনা থাকলেও তা অমান্য করে রাত পর্যন্ত গানের আসর চলে। যা সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার হয়েছে। এছাড়াও সার্কাসের নামে চলছে অশালীন নৃত্য।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, নিয়ম বহির্ভূতভাবে নির্দেশনা অমান্য করে মেলা পরিচালনা করার জন্য মেলার সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।