আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): অদ্য ১০ই রমজান বিকেলে রাজধানীর হাজারীবাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ হতে ৮ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ২ এপ্রিল, রবিবার হাজারীবাগ থানাধীন শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির সদর ব্যাটালিয়নের উদ্যোগে এই ইফতার বিতরণের আয়োজন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান। এ সময় বিজিবি’র সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার গণভবণে ইফতার পার্টি আয়োজন না করার অত্যন্ত সময়োপযোগী ও জনহিতকর সিদ্ধান্ত গ্রহন করেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সাথে একাত্মতা ঘোষণা করে বর্ডার গার্ড বাংলাদেশও পিলখানায় ইফতার পার্টি বাতিল গ্রহন করে পুরো রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেছে। গত ২৬ মার্চ-২০২৩ খ্রিঃ তারিখ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে সারাদেশে ১০ টি শহরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে বিজিবি’র এই মহতী কার্যক্রম শুরু হয়, যা মাসব্যাপী চলমান থাকবে।
তিনি বলেন, “সারাদিন রোজা রেখে, সংযম পালন করে সন্ধ্যা বেলায় ইফতার করার যে আনন্দ, গরীব-দুঃখী মানুষের সাথে সেই আনন্দ ভাগাভাগী করে নেওয়ার জন্যই মূলতঃ বিজিবির এই প্রয়াস। তাদের মুখে তৃপ্তির হাসি দেখে আমি সত্যিই আনন্দিত।” তিনি আরো বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী” বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।