ঈশ্বরদীতে বৃদ্ধা খুন

Date: 2023-04-04
news-banner



মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। 

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল গোলাবাড়ি এলাকায় হাজেরা খাতুন (৭৫) নামে বৃদ্ধা খুন হয়েছেন। নিজ বাড়ির শয়ন কক্ষে তার লাশ পাওয়া যায়।

সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশী ও স্বজনরা ঘরের তালা ভেঙে নিহতের লাশ পড়ে থাকতে দেখেন। 
নিহত হাজেরা খাতুন রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক হবিবুল্লাহ’র স্ত্রী। এছাড়া তিনি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুলের আপন বোন।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ২ মেয়ে বিদেশে এবং অন্যান্যরা ঢাকায় থাকেন। হাজেরা খাতুন মাঝে মাঝে ঢাকায় এবং ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন। 

বিকেলে স্বজনেরা ফোনে  না পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শোবার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে। পরে তারা তালা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়।

নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল বলেন, ঢাকা থেকে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন শোবার ঘরে পড়ে আছে। ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছিটানো রয়েছে। বোনের লাশ দেখার পর আমার আর কিছু বলার শক্তি নেই।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত হত্যা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না । রাত দশটা পর্যন্ত ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানান তিনি।
 স্বজনদের অভিযোগ, হাজেরা খাতুনকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

Leave Your Comments