আব্দুল্লাহ আল মামুন: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সারাদেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল, সোমবার রাজধানী ঢাকা থেকে ১ টি ট্রাকসহ ৪৯ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা বিচিত্রাকে জানানো হয় যে, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৪৯ কেজি গাঁজাসহ মো. শাকিল মিয়া (২৬) ও মো. ইউসুফ (২২) নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের দখল হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক, ১ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫ শত চল্লিশ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত ট্রাকযোগে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।