মঈনুদ্দীন শাহীন কক্সবাজার।।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা পালংখালি থেকে ২৪ কেজি অবৈধ মাদক (আইস ক্রিষ্টালমেথ) উদ্ধার করা হয়েছে। জব্ধকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১২০ কোটি টাকা। এ ঘটনায় জড়িত আইস চোরাচালানের অন্যতম হোতা ইরান মাঝিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল শনিবার রাতে উখিয়ার পালংখালীর সফিউল্ল্যাহ কাটা সংলগ্ন এলাকার ইরান মাঝির আস্তানায় অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪ কেজি আইস ক্রিষ্টাল মেথসহ কক্সবাজার কেন্দ্রিক মাদক চোরাচালানের অন্যতম হোতা ১) ইমরান প্রকাশ ইরান মাঝি (৩৩), ও তার সহযোগী ২) মোঃ রুবেল প্রকাশ ডাকাত রুবেল (২৬), উভয়ের পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, উখিয়া, কক্সবাজার ৩)মোঃ আলাউদ্দিন (৩৫), পিতাঃ মৃত আলী আহাম্মদ, রাজপালং, উখিয়া, কক্সবাজার এবং ৪) জয়নাল আবেদীন প্রকাশ কালা বদা (৩৭), পিতাঃ মৃত আব্দুল করিম, টেকনাফ, কক্সবাজারদ্বয়কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজসে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে জড়িত। মূলত গ্রেফতারকৃত ইরান মাঝি এই চক্রের মূল হোতা। ইরান মাঝির নেতৃত্বে চক্রটির বেশ কয়েকজন সদস্য কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আইসসহ অন্যান্য ভয়ংকর মাদক পাচার করে থাকে । ইরান মাঝির নেতৃত্বে মাদক সমুহ অবৈধ পথে ঘুমধুম সীমান্ত হয়ে বর্ডারের নিকটবর্তী গোপন স্থানে জমা করে। সেখান থেকে দূর্গম পাহাড়ি অঞ্চল ও নৌপথে বিভিন্ন কৌশলে ক্রিস্টাল আইসসহ অন্যান্য মাদক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ দূর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে । সুবিধাজনক সময়ে চক্রটি মাদকের চালানগুলো ইরান মাঝির জামতলির সফিউল্লাহ কাটা সংলগ্ন পাহাড়ী এলাকার আস্তানায় নিয়ে আসত। পরে বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে এসব মাদক রাজধানীমুখী বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে থাকে । সর্বশেষ গতকাল আইসের চালানটি চার ভাগে ভাগ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্টদের নিকট পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি, মারামারি, অপহরণ ও হত্যা চেষ্টা সংক্রান্ত একাধিক মামলা এবং কারাভোগের রেকর্ড আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।