নূর মোহাম্মদ অন্তর,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম- ২০২৩ এর ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার ( ৭ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চরকাই এলএসডি গোডাউন চত্বরে কৃষক আবু বক্কর সিদ্দিকের নিকট থেকে দুই মেট্রিক টন ধান ও আবু হেনা মোস্তফা কামাল হাসকিং মিলের নিকট থেকে নয় মেট্রিক টন চাল ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আবু আসলাম বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চরকাই খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৬২৮০ মেট্রিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। ১৩১৮ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। এছাড়া ৪২ মেট্রিক টন গম ৩৫ টাকা কেজি মূল্যে স্থানীয় কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।