কুলাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Date: 2023-05-08
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। 

শনিবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া পৌরসভাস্থ জয়পাশা এলাকার হারুন মিয়ার ছেলে আবুল কালাম (২৪), একই এলাকার আব্দুল হান্নানের ছেলে আজাদ মিয়া (২৫) ও গিয়াসনগর এলাকার সরকুম আলীর ছেলে এনামুল হক জয় (২৪)। তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

থানাসূত্রে জানা যায়, গত ৩ মে রাতে কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া এলাকার বাসিন্দা টিফন আহমদের বাসায় এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা তার বাসা থেকে ২টি মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্ক, প্রিন্টার ও নগদ টাকাসহ সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় টিফন আহমদ বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরপরই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এক অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে চুরির ঘটনার সাথে জড়িত আবুল কালামকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে চোরাইকৃত নগদ ৩ হাজার টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শনিবার (৬ মে) জয়পাশা ও গিয়াসনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোর আজাদ মিয়া ও এনামুল হক জয়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে চোরাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি তালা কাঁটার যন্ত্র ও একটি লোহার শাবল উদ্ধার করে জব্দ করা হয়।

এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments