শংকর নাগ পুনরায় জগন্নাথ মন্দির কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের অভিনন্দন
Date: 2023-05-17
স্টাফ রিপোর্টার।। মঙ্গলবার (১৬ মে) দুপুর আড়াইটায় মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন খাদেরগাঁও ইউনিয়নস্থিত লামচরী (চরচাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রমের সভাপতি শংকর রাও নাগ পুনরায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, মতলব দক্ষিণ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং লামচরী (চরচাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র হালদারসহ লামচরী (চরচাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও অভিনন্দন জানিয়েছেন মতলব উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়- মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর সমন্বয়ে মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি পদে সাবেক সভাপতি শংকর রাও নাগের নাম সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করেন উৎফল চন্দ্র চন্দ ও সমর্থন করেন প্রফেসর সুখ রঞ্জন দাস। সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় শংকর রাও নাগকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়। অপরদিকে সাধারণ সম্পাদক পদে চন্দন সাহার নাম প্রস্তাব করেন জনাধন ঘোষ ও সমর্থন করেন উত্তম সরকার।এ পদেও একাধিক প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়া সহ-সভাপতি করা হয়েছে অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, গনেশ ভৌমিক ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শুকুমার ঘোষ। ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, শংকর রাও নাগ মতলব জগন্নাথ দেব মন্দিরে সভাপতি ছাড়াও উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী আশ্রম কমিটির সভাপতি, রেড ক্রিসেন্টের সদস্য, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দাতা সদস্যের দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক চন্দন সাহা চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সদ্য নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।