স্টাফ রিপোর্টার: ঢাকার ডেমরা থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত ৩ জন আসামীর মধ্য হতে ১ জন আসামীকে অজ্ঞাত কারনে অব্যহতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলাটির বাদী পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মো. রুবেল (২৫)। সংশ্লিষ্ট বিষয়ে ডেমরা থানার মামলা নম্বর- ৫২(২)২২, ধারা ৩০৬ দন্ডবিধি।
সূত্রে জানা যায়, সময়মত সুদের টাকা পরিশোধ করতে না পারায় মামলার বিবাদী ডানু (৪০), মাহমুদা (৩৫) ও মায়া বেগম (৩৫) মামলার বাদী মো. রুবেলের মা ফাতেমা বেগমকে অমানবিক নির্যাতন করে। তাকে এলোপাতারি কিল-ঘুষি মেরে আহত করে। ফাতেমা বেগম ৩ নম্বর আসামী মায়া বেগমের নিকট হতে ১৬ হাজার টাকার কাপড়-চোপড় বাকিতে ক্রয় করে। এই টাকা সময়মত পরিশোধ করতে না পারায় মায়া বেগম ফাতেমা বেগমকে শীতের রাতে ঘরের মধ্যে আটকে রেখে কাপড়-চোপড় কেড়ে নিয়ে উলঙ্গ অবস্থায় ফ্যান ছেড়ে দিয়ে রাখে। পরের দিন সকাল ৬ টা পর্যন্ত এভাবে নির্যাতন চালায়। ফাতেমা বেগম বাসায় এসে নির্যাতিত হওয়ার ঘটনা ছেলের কাছে খুলে বলে। পরে সে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ এবং হতাশাগ্রস্থ হওয়ার কারনে নিজ ঘরে বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ফাতেমা বেগম মৃত্যু বরন করেন।
এই মামলা থেকে এজাহারভুক্ত আসামী মায়া বেগমকে অব্যহতি দেয়া হলে বাদী মো. রুবেল বিজ্ঞ আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। যাহা অদ্য ৩০ মে খ্রিঃ তারিখ বিজ্ঞ সিএমএম আদালত, জনাব শান্তা ইসলামের আদালতে নারাজি পিটিশন শোনার জন্য দিন ধার্য রয়েছে। বাদী মো. রুবেল আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিজ্ঞ আদালতে সুবিচার পাবেন।